প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস। ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে তাকে এই বিশ্বসুন্দরীর খেতাব দেওয়া হয়। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামে ৭১তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জোহেইরির পরিচয় কেবল সৌন্দর্য কিংবা গ্ল্যামারের আলোতেই সীমাবদ্ধ নয়। মডেলিংয়ের পাশাপাশি তিনি একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের স্বাবলম্বী করে তুলতে ‘ভয়েস অব টুমোরো’ নামের একটি বিশেষ সামাজিক উদ্যোগ পরিচালনা করেন এই সুন্দরী।
এই প্রকল্পের মূল লক্ষ্য সুবিধাবঞ্চিতদের ইংরেজি ভাষা শেখানো, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতের দক্ষতা অর্জনে সহায়তা করা। সৌন্দর্যের পাশাপাশি তার এই বহুমুখী সামাজিক ভূমিকা বিচারকদের হৃদয় জয় করে নেয়।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানার আপের মুকুট উঠেছে মালয়েশিয়ার প্রযোগী তানুসিয়া চেট্টির মাথায়।
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল ছিল বেশ কয়েকটি ধাপে বিভক্ত ও উত্তেজনাপূর্ণ। প্রতিযোগিতার শুরুতেই সেরা ৪০ জনের নাম ঘোষণা করা হয়। সেখান থেকে ধাপে ধাপে যাচাই-বাছাইয়ের পর সেরা ২০, সেরা ১২ এবং পরবর্তীতে সেরা ৬ প্রতিযোগী বেছে নেন বিচারকরা। চূড়ান্ত পর্বে এই ছয় প্রতিযোগীর ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি ও আন্তর্জাতিক ভাবনামূলক নানামুখী প্রশ্নের জবাব মূল্যায়নের পরই জোহেইরি মোলা দোমিঙ্গেসকে বিজয়ী ঘোষণা করা হয়।
১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মর্লির হাত ধরে শুরু হওয়া ‘মিস ওয়ার্ল্ড’ বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। দীর্ঘ ৭৫ বছরের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় মূল মঞ্চের পারফর্ম্যান্সের পাশাপাশি রুদ্ধদ্বার সাক্ষাৎকার ও সমাজসেবামূলক কাজের ওপর জোর দেওয়া হয়।
ভিয়েতনামে আয়োজিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেয় ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপ। অন্যদিকে প্রতিযোগিতা চলাকালেই ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান ও টোগোর নাদিরাতু আফোলাবি। পুরো আসরে অংশগ্রহণকারী ১১১ জন প্রতিযোগীকে আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চার মহাদেশীয় অঞ্চলে ভাগ করে বিচারপ্রক্রিয়া পরিচালনা করা হয়।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৬ সেপ্টেম্বর ২০২৬/এএ





