Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ফ্রান্সের এক আন্তর্জাতিক মঞ্চে আবারও নজর কেড়েছেন সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আইফেল টাওয়ারের সামনে প্রসাধনী সংস্থার একটি জমজমাট অনুষ্ঠানে জনপ্রিয় গায়িকা সেলিন ডিওন ও অভিনেত্রী সিমন অ্যাশলের সঙ্গে তার আনন্দঘন মুহূর্ত এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে ঐশ্বরিয়ার উপস্থিতি বরাবরই আলোচনার জন্ম দেয়। সর্বশেষ ২০২৩ সালে মণি রত্নমের ‘পোনিয়িন সেলভান: টু’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি একটি নামী প্রসাধনী সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে যান এই অভিনেত্রী। আইফেল টাওয়ারের সামনে আয়োজিত সেই অনুষ্ঠানে সেলিন ও সিমনের সঙ্গে তার আন্তরিক মেলামেশা নজর কেড়েছে সবার।

অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে উঠে নিজের জনপ্রিয় গান ‘আই অ্যাম অ্যালাইভ’ পরিবেশন করেন সেলিন ডিওন। দীর্ঘদিন পর বড় মঞ্চে তার এই পরিবেশনা উপস্থিত সবাইকে আবেগপ্রবণ করে তোলে। সেই সময় ক্যামেরায় ধরা পড়ে ঐশ্বরিয়ার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। পাশেই সিমনকে দেখা যায় ঐশ্বরিয়ার হাত ধরে বসে মনোযোগ দিয়ে অনুষ্ঠান উপভোগ করতে।

কোহলির জন্য আনুশকার এক অর্ডারেই বন্ধ হতে বসা রেস্তোরাঁ এখন জমজমাট
গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেলিনের কাছে এগিয়ে যান ঐশ্বরিয়া। তাকে উষ্ণ আলিঙ্গন করার পাশাপাশি চুম্বন করতে দেখা যায়। দুই তারকার এমন আন্তরিকতা দেখে দর্শক ও উপস্থিত অন্য তারকারাও করতালিতে ফেটে পড়েন। মুহূর্তেই সেই মঞ্চ সেলিনের প্রত্যাবর্তন উদ্‌যাপনের এক আনন্দময় স্থানে পরিণত হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, হাত ধরে একসঙ্গে নাচছেন ঐশ্বরিয়া ও সেলিন। চারপাশের অন্য তারকাদের সঙ্গেও আনন্দে মেতে ওঠেন তারা। কোনো ধরনের প্রটোকল বা আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে তারকাদের এই স্বতঃস্ফূর্ত মেলামেশা মুগ্ধ করেছে অনুরাগীদের।

ফ্রান্সের এই অনুষ্ঠানে কেন্ডেল জেনার এবং অ্যান্ডি ম্যাকডোয়েলসহ বিশ্বের একাধিক নামী তারকা অংশ নেন। এর আগে একই সফরে কালো ভেলভেটের গাউন ও স্টাডেড টিয়ারা পরে ফ্রেঞ্চ র‍্যাম্পেও নজর কেড়েছিলেন ঐশ্বরিয়া। অন্যদিকে দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত মঞ্চের বাইরে থাকা সেলিনের এই প্রত্যাবর্তন ভক্তদের জন্য অন্যরকম আবেগের জন্ম দিয়েছে। সূত্র: হলিউড রিপোর্টার ইন্ডিয়া

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৩০ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array