প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নব্বইয়ের দশকে বাংলা রক সংগীতের যে উন্মাদনা শ্রোতাদের মাতিয়ে রাখত, সেই সময়ের আবহ আবারও ফিরে আসছে ঢাকার মঞ্চে। দীর্ঘ বিরতির পর একই কনসার্টে গাইতে যাচ্ছেন নগর বাউলের জেমস ও আর্কের হাসান। তাদের সঙ্গে থাকছে দেশের জনপ্রিয় কয়েকটি রক ব্যান্ডের পরিবেশনাও। সব মিলিয়ে রকপ্রেমীদের জন্য আগামী ২৩ অক্টোবর হতে যাচ্ছে বিশেষ এক সংগীত আয়োজন।
ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই কনসার্ট। জেমস ও হাসানের পাশাপাশি মঞ্চ মাতাবে নগর বাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আয়োজনটির উদ্যোক্তা অ্যাডভেন্টর কমিউনিকেশনস।
কনসার্টে ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন গিটারিস্ট ওনি হাসান। এ ছাড়া একক পরিবেশনাও করবেন তিনি। সংগীতশিল্পী একে রাহুলও এই আয়োজনে পারফর্ম করবেন বলে জানা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। গত সোমবার থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে শুরু হয়েছে আগাম টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
২০২২ সালে যাত্রা শুরু করে ‘রক এন রিদম’ কনসার্ট সিরিজ। প্রথম আসরের পর ২০২৩ সালে দ্বিতীয় ও তৃতীয় আসর অনুষ্ঠিত হয়। পরবর্তী বছর ২০২৪ সালে আয়োজন করা হয় চতুর্থ আসর। আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবার পঞ্চম আসরকে আরও বড় পরিসরে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা।
আয়োজকদের প্রত্যাশা, এই কনসার্টের মধ্য দিয়ে দেশের রক ও মেটাল সংগীতের শিল্পীদের সঙ্গে শ্রোতাদের সংযোগ আরও দৃঢ় হবে। পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যান্ড ও সংগীতশিল্পীদের পরিবেশনায় দর্শকরা ফিরে পাবেন বাংলা রক সংগীতের সোনালি সময়ের স্মৃতি। জেমস ও হাসানের একই মঞ্চে উপস্থিতি সেই নস্টালজিয়াকে আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ অক্টোবর ২০২৬/এএ





