Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। প্রথম সিনেমা মুক্তির ১৫ বছর পর আবারও এই গল্পের জগতে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এবার কোন নারীর জীবনকে কেন্দ্র করে তৈরি হবে সিনেমাটি, কিংবা কারা অভিনয় করবেন, তা এখনও প্রকাশ করেননি প্রযোজক।

সম্প্রতি রণবীর আল্লাহাবাদিয়ার সঞ্চালনায় একটি পডকাস্টে অংশ নিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানান একতা। তার ভাষ্য, দীর্ঘদিন ধরেই সিকুয়েলটি নির্মাণের কথা ভাবছিলেন। তবে এবার এমন একটি গল্প পেয়েছেন, যা পর্দায় তুলে ধরতে চান তিনি।

নতুন সিনেমা সম্পর্কে বিস্তারিত না জানালেও একতা জানিয়েছেন, প্রথম কিস্তির মতো এবারও গল্পের কেন্দ্রে থাকবে একজন মানুষের জীবন। তবে সেই চরিত্রের পরিচয়, অভিনয়শিল্পী কিংবা সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ মূলত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনের ছায়া অবলম্বনে নির্মিত। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পান বিদ্যা বালান। তার সঙ্গে আরও অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর।

সিনেমাটির গল্পে উঠে এসেছিল একজন নারীর খ্যাতি অর্জনের লড়াই, নিজের মতো করে বাঁচার আকাঙ্ক্ষা এবং সমাজের দৃষ্টিভঙ্গির সঙ্গে তার সংঘাত। প্রচলিত সামাজিক ধারণাকে চ্যালেঞ্জ করা চরিত্রটির উপস্থাপন সিনেমাটিকে আলোচনায় নিয়ে আসে। বিদ্যা বালানের অভিনয়ও বিশেষভাবে প্রশংসিত হয়েছিল।

প্রথম সিনেমার প্রসঙ্গ টেনে একতা কাপুর বলেন, সিল্ক স্মিতাকে তিনি কখনোই কেবল পরিস্থিতির শিকার হিসেবে দেখেননি। বরং নিজের সত্তাকে উদ্‌যাপন করা একজন নারী হিসেবেই তার চরিত্রটিকে দেখেছেন। সমাজ যাকে তার জীবনযাপন ও যৌনতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছিল, সেই নারী নিজের পছন্দ অনুযায়ী বাঁচতে চেয়েছিলেন- এমন দৃষ্টিভঙ্গিই প্রথম সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বলে জানান প্রযোজক।

দীর্ঘ বিরতির পর সিকুয়েল নির্মাণের সিদ্ধান্তের পেছনেও রয়েছে নতুন গল্প বলার আগ্রহ। তবে নতুন কিস্তিতে সিল্ক স্মিতার জীবনই আবার ফিরে আসবে, নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো নারীর গল্প তুলে ধরা হবে, তা এখনও স্পষ্ট নয়। বিদ্যা বালান এই সিনেমায় ফিরবেন কি না, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি।

সব মিলিয়ে, ‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে এখন নতুন গল্প ও অভিনয়শিল্পীদের পরিচয়। একতা কাপুরের পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা। সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১২ অক্টোবর ২০২৬/এএ


Array