Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১১৫ জন, গুলশান বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৫২ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে ১১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে একটি জিপগাড়ি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি মনিটর, ২১টি মোবাইল ফোন, ১৩৫টি সিমকার্ড, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের নাম ব্যবহার করে তৈরি ৪১টি সিল ও স্বাক্ষরযুক্ত সিলমোহর, ৩২০ পাতা অফিসিয়াল লেটারহেড, ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশীয় মদ এবং ৬০টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার এবং আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৬ আগস্ট ২০২৬/এএ


Array