প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঢাকা শহরে তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মঙ্গলবারের (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া ওই পোস্টে তিনি জানান, আজ সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
বজ্রঝড়টির গতিপ্রকৃতি সম্পর্কে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বিভাগের দিক থেকে ধীরগতিতে অগ্রসর হওয়া এ ঝড়টি বর্তমানে কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে এবং ঢাকা শহরের ওপর দিয়ে সকাল ৮টা থেকে ১১টার মধ্যে এটি অতিক্রম করতে পারে।
জলাবদ্ধতার বিষয়ে তিনি সতর্ক করে বলেন, ঢাকায় ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত বৃষ্টি স্থায়ী হতে পারে। এর ফলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি এবং অফিস ও স্কুল-কলেজগামী যাত্রীদের তীব্র ট্রাফিক জ্যামে পড়তে হতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২২ সেপ্টেম্বর ২০২৬/এএ





