প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে এসেছে। এটি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৬টায় গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে শক্তি হারাবে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৮ জুলাই ২০২৬/এএ





