Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নানা কারণে বিশ্বে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তীব্র গরমের পর গত দুইদিনে রাজধানীতে ঝরেছে অঝোর বৃষ্টি। এতে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। তবে মঙ্গলবার (২৮ এপ্রিল) শহরটির বাতাসে ফের বেড়েছে দূষণ।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। শহরটির বায়ুমানের স্কোর ১১৮, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমানের স্কোর ১৯৬। এছাড়া ১৩৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৩৫ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর কলকাতা, ১২৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ঢাকার সমান স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৮ এপ্রিল ২০২৬/এএ


Array