Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (৩০০ ফিট) জলসিঁড়ি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. সাব্বির হোসেন (২১) ও মো. রিফাত (২২) নামের দুই তরুণের মৃত্যু হয়েছে। তারা দুজন বন্ধু ছিলেন বলে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদেরকে নিয়ে আসা মো. মনির জানান, জলসিঁড়ি বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। আমরা প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, স্বজনদের মুখে জানতে পেরেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। মো. সাব্বির খিলগাঁও মডেল কলেজের এইচএসসি ব্যাচের শিক্ষার্থী। তার বাবার নাম মো. আমির হোসেন গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের শেখেরকান্দা। মোহাম্মদ রিফাতও একই গ্রামের নুর ইসলামের সন্তান। তিনি বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসির শিক্ষার্থী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৬ এপ্রিল ২০২৬/এএ


Array