প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, “সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্যখাতে জনবল সংকট দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি জানান, ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৪তম বিসিএসে ১৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এর আগে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে আরো ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়।
সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এখনো উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য রয়েছে। উদাহরণ হিসেবে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৯৬টি পদের মধ্যে ১৩৮টি পূরণ হয়েছে এবং ৫৮টি পদ এখন শূন্য রয়েছে।
চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর বিভিন্ন গ্রেডে শূন্যপদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এসব পদ পূরণে নিয়োগ কার্যক্রম চলমান এবং পর্যায়ক্রমে সব শূন্যপদ পূরণ করা হবে।”
স্বাস্থ্যখাতে জনবল সংকট দীর্ঘদিনের একটি চ্যালেঞ্জ। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবার মান ও প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৭ এপ্রিল ২০২৬/এএ





