প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়া এবং ঈদ শেষে ঘরমুখো মানুষের চাপ-এই দুই কারণে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঢাকামুখী যাত্রীরা।
শনিবার (২৮ মার্চ) ভোররাত থেকে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে ঢাকাগামী লেনে যানজট শুরু হয়। পরে তা মুলিবাড়ি মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
ভোর থেকেই সড়কে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসংখ্য যানবাহন। যাত্রীদের অভিযোগ, তীব্র যানজটের কারণে সেতুর টোলপ্লাজায় পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। অনেকেই রাত থেকেই এই ভোগান্তির মধ্যে ছিলেন।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, টাঙ্গাইলে আগের রাতের একটি দুর্ঘটনার প্রভাব এবং সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
এর সঙ্গে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের অতিরিক্ত চাপ যোগ হয়ে যানজট আরও তীব্র হয়।
তিনি আরও জানান, সকাল ১০টার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং যান চলাচল নিয়ন্ত্রণে আসে।
ঈদ পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানজটের পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৮ মার্চ ২০২৬/এএ





