প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভোরের আলো না ফুটতেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ১২৩ শহরের মধ্যে ৩০৩ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে এ শহর।
বায়ুদূষণের এ তথ্য প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।প্রতিষ্ঠানটির দেওয়া সূচক অনুযায়ী, ঢাকার বর্তমান বায়ুমান ‘চরম অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেয়। একই সময়ে ২৩৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। যথাক্রমে ২২৫ ও ১৩১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও ভারতের রাজধানী শহর দিল্লি।
পঞ্চম অবস্থানে থাকা চীনের বেইজিং শহরের বায়ুমানের স্কোর ১৭৭। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘চরম অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৪ মার্চ ২০২৬/এএ





