Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডায় অন্টারিও শহীদ মিনার নির্মান কমিটি (আইএমএলডি) থেকে দু’জন অভিযুক্ত চিহ্নিত লুটেরাকে বহিষ্কারের দাবীতে মাহবুব চৌধুরী রনি’র সঞ্চলানায় টরন্টোর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের এক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহন করেন।

সভায় বক্তারা শহীদ মিনার কমিটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সকল বক্তারাই শহীদ মিনার নির্মানের কমিটি থেকে চিহ্নিত অভিযুক্ত ও বিতর্কিত ব্যক্তিদের বহিষ্কার করার আহ্বান জানান। যাদের কারণে এই অভিযুক্তদের কমিটি থেকে বের করে দেয়া যাচ্ছে না তাদেরকে চিহ্নিত করাও বিষয়টিও সভায় আলোচিত হয়।

কারণ তাদের সহযোগিতায় এরা এখনও এই কমিটিতে বহাল তবিয়তে আছে এবং কমিউনিটিতে বিভেদ-বিবাদের সৃষ্টি করছে। তারা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে, তাদেরও সামাজিকভাবে বর্জন করার ঘোষনা দেয়া হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

বক্তারা বলেন, শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের চেতনা-মর্যাদাকে অম্লান রাখতে হবে। শহীদের চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের কাছে মাথা নত না করা। একুশ হচ্ছে দেশপ্রেম ও প্রতিবাদের আরেক নাম। একুশ হচ্ছে স্বাধীনতার ভিত্তিমুল ও রক্তবীজ। শহীদ মিনার নির্মান প্রক্রিয়ায় আমরা এমন কোনও বিতর্কিত ও অভিযুক্ত ব্যক্তিদের দেখতে চাই না যাতে করে শহীদের আত্মদান স্মরণে নির্মিত মিনার কোনভাবেই কলঙ্কিত ও অপবিত্র হয়।

যারা বাংলাদেশের জাতীয় স্বার্থের ক্ষতি করে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করে জনগণকে পথে বসাচ্ছে, ব্যাংকগুলোকে দেউলিয়ায় পরিণত করছে, সে সব লুটেরাদের স্থান কানাডার বাঙালি কমিউনিটিতে হবে না। তাদের সামাজিকভাবে বয়কট করার ঘোষণা পূর্ণব্যক্ত করা হয়। বক্তারা বলেন, এসব লুটেরাদের বিরুদ্ধে কথা বলা, সোচ্চার হওয়া সকল প্রবাসীদের বিবেকের দায় ও কর্তব্য।

সভায় আলোচনা করেন, ব্যারিস্টার আলমগীর হোসাইন, আহমেদ হোসেন, ডঃ মঞ্জুরে খোদা, ফাইজুল করিম, সুমন সাঈদ, মাসুক মিয়া, আজফর সাঈদ ফেরদৌস, ইমরুল ইসলাম, জাকির খান, মাসুদ আলী লিটন, সাদ চৌধুরী, সাকের মোস্তফা চৌধুরী, মৈয়ত্রী দেবী, আনম ইউসুফ, আসাদ নিশু, আইরিন, রাজিবুর, নওশের আলী, মোহাম্মাদ বাশার, রুহুল চৌধুরী, রোকেয়া পারভিন, আরিফ আহমেদ, জাকারিয়া চৌধুরী, ইসমত আরা, মুনির রশিদ, সোলায়মান তালুকদার, ইলিয়াস খান, লিটলী রায়, মামুনুর রশীদ, সুমন সিদ্দিক, ফাইজুল চৌধুরী, ইনতিকাব চৌধুরী তুহিন, ডঃ সুরভি সাঈদ, প্রমুখ।

সভায় অংশগ্রহনকারী সকলের সম্মতিতে যে সমস্ত সিদ্ধান্তসমূহ গ্রহন করা হয় তারমধ্যে অন্যতম আগামী ১২  ফেব্রুয়ারি, শুক্রবার আইএমএলডি নেতৃবৃন্দকে কমিউনিটির নেতৃবৃন্দের সাথে ‘অভিযুক্ত অর্থপাচারকারীদের বহিষ্কারের বিষয়ে’ আলোচনা জন্য বৈঠকের আমন্ত্রন জানানো হয়।

মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একটি সর্বজনীন গ্রহনযোগ্য উদযাপন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।আসন্ন আলোচনা সভায় অন্টারিওর সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশজীবী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আমন্ত্রন জানানো হয়, এবং অবিলম্বে আইএমএলডি বিলুপ্তি ঘোষণা করার আহ্বান জানানো হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ ফেব্রুয়ারি ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ