আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন অ্যাফোর্ডেবল অটো রিপেয়ার এবং জি মোটরস-এর ওপেন হাউস বার্বিকিউ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণে তৈরি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করা। আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল গান, নাচ, জুম্বা ড্যান্স এবং বাংলাদেশি ঐতিহ্যের চিরচেনা আড্ডা।
অনুষ্ঠানে ফিলিপিনো কমিউনিটির শিল্পীদের বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথিদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন।
অ্যাফোর্ডেবল অটো রিপেয়ার এবং জি মোটরস-এর কর্ণধার ডা. গুলশান আক্তার ও ইঞ্জিনিয়ার জাহিদ আলম বলেন, নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কানাডায় ব্যবসা পরিচালনার পাশাপাশি আমরা বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা করে চলেছি। একই সঙ্গে কানাডার মূলধারার বিভিন্ন কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপরও তারা গুরুত্ব দেন।
তারা বলেন, প্রবাসে ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
আয়োজকদের মতে, কানাডার বহুসাংস্কৃতিক সমাজে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা সামাজিক সম্প্রীতি এবং ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, কানাডার বিভিন্ন শহরে সময়ের সঙ্গে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা ও প্রতিষ্ঠান বাড়ছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের ব্যবসায়িক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান রাখছেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২০ সেপ্টেম্বর ২০২৬/এএ




