আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ, পাল্টাপাল্টি শুল্ক আর মার্কিন পণ্য বর্জনের আহ্বানের মধ্যেও দেশটিতে কানাডীয়দের যাতায়াত বাড়ছে। টানা সপ্তম মাসের মতো বৃদ্ধি পেয়েছে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত পারাপার। স্ট্যাটিস্টিকস কানাডার (Statistics Canada) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ফিরেছেন প্রায় ১৮ লাখ ৮৯ হাজার কানাডীয় ভ্রমণকারী। যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি।
১২ নভেম্বর প্রকাশিত সংস্থাটির পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবরে গাড়িতে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ফেরার সংখ্যা আগের বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ এবং বিমানে ফেরার সংখ্যা ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। অর্থাৎ, সড়ক ও আকাশ—দুই পথেই কানাডীয়দের যুক্তরাষ্ট্র ভ্রমণের প্রবণতা বাড়ছে।
তবে ভ্রমণ বৃদ্ধি পেলেও পরিস্থিতি এখনো ২০২৪ সালের স্বাভাবিক অবস্থায় ফেরেনি। ২০২৪ সালের অক্টোবরের তুলনায় এবার গাড়িতে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ফেরার সংখ্যা ২৯ শতাংশ এবং বিমানে ফেরার সংখ্যা ১৯ দশমিক ৬ শতাংশ কম।
উল্লেখ্য, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে কানাডীয়দের ভ্রমণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি, দুই দেশের বাণিজ্যিক বিরোধ এবং যুক্তরাষ্ট্রের পণ্য বর্জন ও দেশটিতে ভ্রমণ না করার আহ্বান এর অন্যতম প্রেক্ষাপট ছিল। তবে ২০২৬ সালের এপ্রিল থেকে সীমান্ত পারাপারে ধারাবাহিক বৃদ্ধি নতুন করে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, কানাডায় মার্কিন নাগরিকদের ভ্রমণও বেড়েছে। অক্টোবরে গাড়ি ও বিমানে প্রায় ১৫ লাখ ৩৭ হাজার মার্কিন নাগরিক কানাডা ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ বেশি।
বিশ্লেষকদের কাছে এই পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ দিক হলো, রাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেও দুই দেশের মানুষের পারস্পরিক যাতায়াত পুরোপুরি বন্ধ হয়নি। পরিবার-পরিজনের সঙ্গে দেখা করা, ব্যবসা, কেনাকাটা, অবকাশযাপন এবং বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে দুই দেশের নাগরিকদের ভ্রমণ অব্যাহত রয়েছে।তবে ২০২৪ সালের পর্যায়ে ফিরতে সীমান্ত পারাপারে আরও উল্লেখযোগ্য অগ্রগতি প্রয়োজন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ নভেম্বর ২০২৬/এএ




