আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা (ইমিগ্রেশন লেভেলস প্লান ২০২৭-২০২৯ ) প্রকাশ করেছে ফেডারেল সরকার। গত ৫ নভেম্বর প্রকাশিত এই পরিকল্পনায় আগামী তিন বছরে মোট ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে ৩ লাখ ৮০ হাজার, ২০২৮ সালে ৩ লাখ ৮০ হাজার এবং ২০২৯ সালেও ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে। অর্থাৎ প্রতিবছর পিআর গ্রহণের লক্ষ্যমাত্রা একই রাখা হয়েছে।
ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আই আর সিসি )-এর পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষ কর্মী, প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি ) এবং অন্যান্য অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে অধিকাংশ নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবার পুনর্মিলন, শরণার্থী ও মানবিক বিবেচনায় অভিবাসনের সুযোগও অব্যাহত থাকবে।
পরিকল্পনায় ফরাসিভাষী অভিবাসীদের জন্যও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দার হার ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কানাডার অর্থনৈতিক চাহিদা অনুযায়ী অভিবাসন ব্যবস্থাকে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই পরিকল্পনায় কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহীদের জন্য দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।
তবে সরকারের ঘোষিত ১১ লাখ ৪০ হাজার পিআর গ্রহণের সংখ্যা একটি লক্ষ্যমাত্রা; এটি কোনো আবেদনকারীর স্থায়ী বসবাসের অনুমোদনের নিশ্চয়তা নয়। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা যাচাই, সঠিক কাগজপত্র প্রস্তুত এবং প্রয়োজনে কানাডার অনুমোদিত ইমিগ্রেশন পরামর্শকের (আর সিআইসি) সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ নভেম্বর ২০২৬/এএ




