Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত হন। পরে আরও একজনের মৃত্যু হয়। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বালুবোঝাই একটি ট্রাকের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৯ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।’

নিহতের সংখ্যা আরও বাড়তে বলে জানান তিনি। নিহতদের মধ্যে একটি ১০ বছর বয়সী কন্যাশিশু রয়েছে। এ ছাড়া চালক-হেলপারসহ নিহতরা সবাই পুরুষ।

বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২০ অক্টোবর ২০২৬/এএ


Array