আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার কুইবেক প্রদেশে একটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরের পর মন্ট্রিয়লের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাঁত-ব্রিজিদ-দিবেরভিল এলাকার রং দে একোসে দুর্ঘটনাটি ঘটে।
কুইবেকের প্রাদেশিক পুলিশ জানায়, হেলিকপ্টারটি দুর্ঘটনার আগে কোনো ধরনের সমস্যায় পড়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখা যায়। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভেতরে থাকা চারজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে রোববার পরিবারের সদস্য ও স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত তিন যাত্রীর পরিচয় প্রকাশ পেয়েছে। তারা হলেন চানতাল রেমন্ড (Chantal Raymond), তার ছেলে লুকাস পেরিয়লট (Lucas Perreault)এবং তার জামাতা গ্যাব্রিয়েল জাসমিন (Gabriel Jasmin)। জাসমিন শেরব্রুকের একটি রেডিও স্টেশনে উপস্থাপক হিসেবে কাজ করতেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রেমন্ড এর জন্মদিন উদযাপন উপলক্ষে হেলিকপ্টারে ভ্রমণে বেরিয়েছিলেন।
চতুর্থ নিহত ব্যক্তি ছিলেন হেলিকপ্টারের পাইলট সুজানী জুটরাছ (Suzanne Jutras), বয়স ৫০ বছর। তিনি বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে হেলিকপ্টার ভ্রমণও পরিচালনা করতেন বলে জানা গেছে।
ঘটনার পর তদন্তকারী কর্মকর্তারা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দুর্ঘটনার আগে কী ঘটেছিল এবং কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা জানার চেষ্টা করছেন।
তবে এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়নি। হেলিকপ্টারটি আকাশে থাকা অবস্থায় আগুন ধরেছিল, নাকি মাটিতে বিধ্বস্ত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়—সেটিও তদন্তাধীন। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
কানাডার পরিবহনমন্ত্রী স্টিফেন ম্যাককিনন (Steven MacKinnon) দুর্ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিবহন মন্ত্রণালয়ও তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৮ সেপ্টেম্বর ২০২৬/এএ




