Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কৃষ্ণসাগরীয় অঞ্চলে গমের সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশ আবারও ভারত থেকে গম কিনতে শুরু করেছে। আগস্টে ভারত গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার পর বাংলাদেশি আমদানিকারকেরা ইতোমধ্যে ২ লাখ টনের বেশি গম কেনার চুক্তি করেছেন। ভারতীয় দৈনিক বিজনেস স্টান্ডার্ড এ খবর প্রকাশ করেছে।

২০২২ সালের পর এটাই ভারত থেকে বাংলাদেশের প্রথম বড় পরিমাণে গম কেনার ঘটনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগরীয় অঞ্চলের বন্দর ও টার্মিনালে বারবার হামলা হচ্ছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গম সরবরাহ অঞ্চল থেকে রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।

ফলে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অনেক দেশ বিকল্প উৎস থেকে গম কিনতে বাধ্য হচ্ছে। বাংলাদেশও এর মধ্যে রয়েছে।

বাংলাদেশের বছরে ৭০ লাখ টনের বেশি গম আমদানি করতে হয়। ২০২২ সালের মে মাসে ভারত গম রপ্তানি বন্ধ করার আগে বাংলাদেশের মোট গম আমদানির প্রায় ৭০ শতাংশই আসত ভারত থেকে। কম পরিবহন খরচ ও দ্রুত সরবরাহের কারণে ভারত ছিল বাংলাদেশের বড় গমের উৎস।

ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার পর আর্জেন্টিনা, কানাডা, রাশিয়া ও ইউক্রেন থেকে গম কেনা বাড়ায় বাংলাদেশ। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ গম আসছিল কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে।

বাংলাদেশের আমদানিকারকেরা বর্তমানে ভারতীয় গমের জন্য প্রতি টনে ৩০৫ থেকে ৩২৬ ডলার পর্যন্ত দাম দিচ্ছেন। এসব গমের বেশির ভাগই রেলপথে বাংলাদেশে আসবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

বাংলাদেশের বড় গম আমদানিকারক ও ময়দা উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার বলেন, রাশিয়া-ইউক্রেন সংকটের সমাধান না হলে গমের সরবরাহ নিয়ে উদ্বেগ থেকেই যাবে। তিনি জানান, অস্ট্রেলিয়ার গমের জন্য বাংলাদেশি ক্রেতাদের এখন প্রতি টনে ৪৫০ ডলারের বেশি দিতে হচ্ছে। আগে এর দাম ছিল ৩৮০ ডলারের নিচে।

এদিকে ঢাকায় পরিশোধিত গমের আটার দাম গত এক মাসে ১৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। বাংলাদেশে চালের পর গমই সবচেয়ে বেশি খাওয়া শস্যগুলোর একটি। গমের দাম বাড়লে মূল্যস্ফীতির ওপরও চাপ বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের বৈদেশিক কৃষি পরিষেবার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে ভারতের গম রপ্তানি বেড়ে ২০ লাখ টনে উঠতে পারে। পর্যাপ্ত মজুত, রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল এবং কৃষ্ণসাগরীয় অঞ্চলে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে ভারতীয় গম আবারও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে।

বাংলাদেশ ও নেপালে ইতোমধ্যে ভারতীয় গমের রপ্তানি বেড়েছে। সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াতেও ভারত থেকে গমের সরবরাহ বাড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৪ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array