আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, কানাডা ‘কোটি কোটি’ মানুষকে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে প্রবেশের সুযোগ দিচ্ছে এবং এর ফলে সৃষ্ট সমস্যা শিগগিরই ‘সামলানোর বাইরে’ চলে যেতে পারে।
ট্রাম্প আরও দাবি করেন, কানাডার এই অভিবাসন নীতির কারণে দেশটিতে বেকারত্ব বাড়ছে এবং তিনি এটিকে ‘লিবারেল টেকওভার’ হিসেবে উল্লেখ করেন। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
কানাডা গত দুই বছরে অভিবাসন গ্রহণের হার কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অস্থায়ী বাসিন্দা আসার সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ কমেছে বলে কানাডার ইমিগ্রেশন বিভাগের তথ্য উল্লেখ করেছে গণমাধ্যমগুলো।
এদিকে কানাডার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দর্শনার্থী, অস্থায়ী কর্মী, শিক্ষার্থী, অভিবাসী ও শরণার্থীদের জন্য নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া রয়েছে এবং নিরাপত্তা, মানবাধিকার, আন্তর্জাতিক অধিকার বা সংগঠিত অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার মতো কারণে কাউকে দেশে প্রবেশের অযোগ্য ঘোষণা করা যেতে পারে।
উল্লেখ্য, ট্রাম্পের মন্তব্য এমন সময়ে এলো, যখন কানাডা অভিবাসন কমিয়ে জনসংখ্যা বৃদ্ধির গতি নিয়ন্ত্রণের পাশাপাশি আবাসন, কর্মসংস্থান ও সরকারি সেবার ওপর চাপ মোকাবিলায় নীতি পরিবর্তন করছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৪ সেপ্টেম্বর ২০২৬/এএ




