প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নিম্নচাপের প্রভাবে দেশের সাত বিভাগে টানা দুই দিন বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এসব তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, নিম্নচাপের প্রভাবে সোমবার ও মঙ্গলবার দেশব্যাপী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল অতিক্রম করে আজ সোমবার ভারতের ওড়িশা রাজ্যের উপকূলের কাছাকাছি স্থলভাগে অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে উত্তর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে প্রচুর জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রবাহিত হচ্ছে।
উপগ্রহচিত্রে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং মিয়ানমারের রাখাইন উপকূলের আশপাশে গভীর সঞ্চালন-শীল মেঘের সৃষ্টি ও বিকাশ লক্ষ করা যাচ্ছে বলে জানান তিনি।
তিনি জানান, এসব মেঘ থেকে সোমবার ও মঙ্গলবার খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশিরভাগ জেলা এবং ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর ওপরে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এবং রাতের বেলা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। এ ছাড়াও কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার কোনো কোনো স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলে জানান তিনি।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৪ আগস্ট ২০২৬/এএ





