প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মৌসুমি লঘুচাপের প্রভাবে সারা দেশে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে চলতি বর্ষা মৌসুমের রেকর্ড ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে চট্টগ্রামসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে সারা দেশে বিক্ষিপ্তভাবে মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি অন্তত দুইদিন অব্যাহত থাকতে পারে।
এছাড়াও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারী বৃষ্টির প্রভাবে সারা দেশে নদ-নদীর পানি বাড়তে পারে।
আবহাওয়া অফিস সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি স্থল নিম্নচাপ দুর্বল হয়ে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ু দেশের ওপরে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশির ভাগ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনার অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ জুলাই ২০২৬/এএ





