Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর ইজিবাইক শ্রমিকদের হামলা ও মারধরের অভিযোগে চুয়াডাঙ্গার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৯ আগস্ট) চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হঠাৎ করে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে গন্তব্যে পৌঁছাতে না পেরে বাস টার্মিনালগুলোতে ভিড় করছেন এবং অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করেছেন।

মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না। এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় একটি ইজিবাইক প্রবেশের ঘটনা কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেন ইজিবাইক চালকরা।

খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ গিয়ে জিম্মি থাকা বাস চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে। এই ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতার ও শ্রমিকরা দৌলতদিয়া এলাকায় সড়কে আড়াআড়ি বাস রেখে সড়ক অবরোধ করেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতায় ও প্রশাসনের বিচারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও শ্রমিকদের মধ্যকার চরম ক্ষোভ ও অসন্তোষ কমেনি। নিরাপত্তা ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দিনভর চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-হাট বোয়ালিয়াসহ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ ছিল।

ওই দিন শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটের বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ জানান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান তাদেরকে ডেকেছেন বিষয়টি সমাধান করার জন্য। সমাধান হয়ে গেলে ধর্মঘট তুলে নেওয়া হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৯ আগস্ট ২০২৬/এএ


Array