প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৯৯টি আসনে সব ব্যালট পেপার চলে গেছে। এ ছাড়া ভোটের ফলাফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘রক্তস্নাত জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন। স্বীকার করছি ভোটার তালিকা করতে ১০০ ভাগ শুদ্ধভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয় নাই। তরুণ ভোটারদের অন্তুর্ভুক্তিতে আইন সংশোধন করা হয়েছে। ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২৫ বছর হয়েছে তাদেরকেই ভোটার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘২৯৯ আসনে সব ব্যালট পেপার চলে গেছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে যাবেন কেন্দ্রে। সাংবাদিকেরা সৎ তথ্যের ব্যবহার করবেন। তবে অপতথ্য যেন প্রচার না হয়। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় নির্বাচন কমিশন। সবাইকে দায়িত্বশীল হতে হবে। বিদেশি সংবাদকর্মীদের দায়িত্ব পালনের জন্য এই মিডিয়া সেন্টার।’
আখতার আহমেদ বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার পোস্টাল ভোটের দায়িত্বে থাকবে। পোস্টাল ব্যালট গণনায় সময় বেশি লাগতে পারে। তবে সব কেন্দ্রের ফলাফল ও ব্যালট গণনায় যে সময় লাগবে সেটা দিতে হবে। ফলাফল প্রকাশে দীর্ঘায়িত হবে না।’
প্রবাস বাংলা ভয়েস /কানাডা/১০ ফেব্রুয়ারি ২০২৬/এএ





