আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশে ভ্রমণে কানাডা সরকারের সতর্কতায় সর্বশেষ তথ্য সংযোজন করা হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ১০ আগস্ট ২০২৬ ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়েছে।
কানাডা এখনো বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে রেখেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা দেখা দিতে পারে।
বিক্ষোভের কারণে হঠাৎ যান চলাচল বন্ধ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং সহিংস সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। কানাডা সরকারের ওয়েব সাইটে পরামর্শ হিসেবে বলা হয়েছে যে কোন বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার।
ওয়েব সাইটে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে সতর্কতা আরও কঠোর—‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলা’ পরামর্শ বহাল রয়েছে। রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করেছে কানাডা।
বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ এবং পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়েব সাইটে ভ্রমণের আগে সর্বশেষ সরকারি তথ্যও যাচাই করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, কানাডা সরকার গতবছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে দুই দফা সতর্কতা জারি করেছিল।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১২ আগস্ট ২০২৬/এএ





