প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে দলটি এ কর্মসূচির বিস্তারিত জানায়।
দলটির পক্ষ থেকে জানানো হয়, বিপ্লব | বিকল্প | বিনির্মাণ- এই মূলমন্ত্রকে ধারণ করে আগামী ২৮ ফেব্রুয়ারি ধানমণ্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, এক্টিভিস্ট এবং সারাদেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন। অনুষ্ঠানে গত এক বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।
বিভাগীয় পর্যায়ের ইফতার মাহফিলের সময়সূচি দেওয়া হয়েছে—চট্টগ্রামে ২ মার্চ, কুমিল্লায় ৩ মার্চ, সিলেটে ৪ মার্চ, ময়মনসিংহে ৫ মার্চ, ঢাকায় ৬ মার্চ, ফরিদপুরে ৭ মার্চ, বরিশালে ৮ মার্চ, খুলনায় ৯ মার্চ, রাজশাহীতে ১০ মার্চ এবং রংপুরে ১১ মার্চ। এছাড়া ১২ মার্চ ঢাকায়, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তরে এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে পৃথক ইফতার আয়োজন করা হবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ধানমণ্ডির আবাহনী ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার মাহফিলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মামুনুল হক এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য উপস্থিত থাকবেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৭ ফেব্রুয়ারি ২০২৬/এএ





