Menu

কমছে ডেঙ্গু রোগী

বাংলানিউজসিএ ডেস্ক :: চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৫৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় (৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬০৭ জন। এই হার আগের দিনের চেয়ে ২৪ শতাংশ কম। গতকাল ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গত এক মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার ভেতরে রয়েছেন ২৩৩ জন, আর ঢাকার বাইরে রয়েছেন ৩৭৪ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় চিকিত্সা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯৭ জন। এর মধ্যে ঢাকার ভেতরে রয়েছেন ২১৮ জন, আর ঢাকার বাইরে ২৭৯ জন। সারাদেশে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৩ হাজার ৪৪৭ জন। শুধু ঢাকাতে রয়েছেন ১ হাজার ৭১৯ জন, আর ঢাকার বাইরে আছেন ১ হাজার ৭২৮ জন। চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৫ শতাংশ রোগী।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭৫৩ জন, চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ১১৪ জন। এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো ১৯২টি মৃত্যুর মধ্যে ৯৬টি মৃত্যুর তথ্য পর্যালোচনা করে তারা ৫৭টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত হয়েছেন। এদিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শুক্রবার রাতে ডেঙ্গু আক্রান্ত ষষ্ঠ শ্রেণির ছাত্রী রুবাইয়া আক্তার মারা গেছে। নিহত রুবাইয়া আক্তার মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুর রশীদের মেয়ে।

যশোরের চৌগাছায় ডেঙ্গুতে দ্বিতীয়বার আক্রান্ত হয়ে আবদুল ওয়াদুদ (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বাঘারদাড়ি গ্রামের মৃত সদর আলীর ছেলে। ওয়াদুদ এর আগে ২৪ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর ও ঢাকায় চিকিত্সা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। শিবালয় উপজেলার শিবরামপুর টেপড়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের কন্যা পার্শ্ববর্তী রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বিথী আকতার (১১) শুক্রবার রাতে ডেঙ্গুতে মারা গেছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৮ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array