Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  বায়ুদূষণের কারণে বিশ্বের ১০০ শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ৩১৩। বাতাসের এই মানকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয় যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সকালে ২২৫ ও ১৯৭ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুই শহর কলকাতা ও মুম্বাই। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও মিয়ানমারের ইয়াঙ্গুন। শহরদুটির বাতাসের স্কোর যথাক্রমে ১৯১ ও ১৭৩।

একিউএয়ারের সূচক থেকে আরও জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত এলাকা বুয়েট সেন্ট্রাল রোড। সেখানে বাতাসের একিউআই স্কোর ৫০৩। শ্যামলী গণমাধ্যম ইনস্টিটিউট এলাকার একিউআই স্কোর ৩৯৮। মাদানি এ্যভিনিউতে অবস্থিত ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকায় বাতাসের স্কোর ৩৯৩। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ ফেব্রুয়ারি ২০২৪ /এমএম

 


Array