Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: পিডিআই কানাডার সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস এবং সাধারণ সম্পাদক মনির জামান রাজু এক বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কারে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, প্রবাসীরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন একতরফাভাবে দুই শিক্ষার্থী অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলিকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কারের আদেশ দিয়েছে। একই সাথে রাষ্ট্রীয় আইনে এই দুই মেধাবী ছাত্রনেতাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে। কোন প্রকার কারণ দর্শানো নোটিশ কিংবা একাডেমিক বা ডিসিপ্লিনারি সভা ব্যতিরেকে বহিষ্কারের ঘটনা চূড়ান্ত অগণতান্ত্রিক এবং ন্যাক্কারজনক।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি সহিংস আচরণের এক বর্বরতম ঘটনার খবর প্রকাশ পেয়েছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দোষীদের বিচার এবং প্রশাসনের গাফিলতি এবং দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য দায়ী করে আন্দোলনে নেমেছে। বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একটি প্রগতিশীল ছাত্র সংগঠন আন্দোলনের অংশ হিসেবে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র এঁকেছে। এর ফলেই প্রশাসন ঐ ছাত্র সংগঠনের প্রধান দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে তারা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। অবিলম্বে বহিষ্কারের সিদ্ধান্ত এবং তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাহারের জোর দাবি জানান। অনতিবিলম্বে নারীর প্রতি সহিংস আচরণকারি ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেন। বিশ্ববিদ্যালয়কে ধর্ষক ও নিপীড়ক মুক্ত করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে প্রশাসনের শুভবুদ্ধির উদয় হবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৬ ফেব্রুয়ারি ২০২৪ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ