Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পৌষের চতুর্থতম দিন আজ। ইতিমধ্যেই শীত জেঁকে বসেছে দেশের বেশ কয়টি অঞ্চলে। এরই মধ্যে শেষ রাতের থেকে ঘন কয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া থাকতে পারে শুষ্ক।সোমবার (১৮ ডিসেম্বর) আবহাওয়া অফিসের পূর্বাভাসে এমন তথ্য পাওয়া যায়।। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী বুধবার পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমার তেমন কোনো সম্ভাবনা নেই। বরং বুধবারের পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে আগামী কিছুদিন দেশে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা অনেক কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘আগামী কিছুদিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কাও নেই তেমন। তিন-চার দিন পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

এর আগে শনিবার চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রথমবারের মতো ১০ ডিগ্রির নিচে নেমে আসে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল তা কিছুটা বেড়েছে।শাহীনুল ইসলাম বলেন, ‘আগামী দুই-তিন দিনের মধ্যে দেশের কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা কম। তবে চলতি মাসের শেষে বা আগামী জানুয়ারি মাসের শুরুতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তা শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। মৃদু শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকে।এ ছাড়া ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা থাকলে তা মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি থাকলে তা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। ৪ ডিগ্রির নিচে নামলে তখন তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

বুধবার (২০ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় তাপমাত্রা বাড়তে পারে।সোমবার (১৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৯ ডিসেম্বর ২০২৩ /এমএম


Array