প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঘূর্ণিঝড় হামুনের জন্য নৌ চলাচল বন্ধ ঘোষণা দেয়া হয়েছিলো। বন্ধ ঘোষণার ২২ ঘণ্টা পর নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। এ ছাড়া স্পিডবোট, মালবাহী নৌযানও চলাচল শুরু হয়।বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসবে।’এর আগে, মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় হামুনের কারণে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিএ। সেই নির্দেশনা অনুযায়ী, সদরঘাটেও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
একই সঙ্গে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি এই রুটের ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ঘাট থেকে স্পিডবোটসহ অন্যান্য নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ঘূর্ণিঝড় হামুনের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ অক্টোবর ২০২৩ /এমএম





