প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সুইজারল্যান্ডে তিন দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫০ মিনিট) সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
এ সফরে বুধবার (১৪ জুন) প্যালেস দেস নেশনসের বৈঠক কক্ষে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সাক্ষাতে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের প্রতি আহ্বান জানান তিনি।একই দিন সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট-২০২৩’ এর পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৫ জুন) জেনেভায় প্রধানমন্ত্রীর আবাসস্থলের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক (ডিজি) ড. ওকনজো ইওয়েলা।বৈঠকে ডব্লিউটিও’র ডিজি মৎস্যখাতে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়ে জানান, তারা এ লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে।
এ সময় ডব্লিউটিও’র ডিজি আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করার এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কথা বলার সময় এই বিষয় তুলে ধরতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান, যাতে এই বিরোধ নিষ্পত্তি সংস্থা সক্রিয় হয়। ডিজি বলেন, ‘এটি ডব্লিউটিও’র মূল শক্তি।’এর আগে একই স্থানে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিক আল মারি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ১৬ জুন ২০২৩ /এমএম





