প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সাত ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পুনরায় চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেবাটি সম্পূর্ণভাবে চালু হয়।একইদিন বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ সদরদপ্তর এক খুদে বার্তায় জানায়, ৯৯৯-এর সেবা আপাতত বন্ধ আছে। জরুরি প্রয়োজনে সেবা প্রত্যাশীদের স্থানীয় থানা কিংবা ফায়ার স্টেশনে যোগাযোগ করতে বলা হয়।
এদিকে রাজধানীর বঙ্গবাজার কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুলিশ সদরদপ্তরের একটি পাঁচতলা ব্যারাকে আগুন লেগে যায়। এতে ৯৯৯-এর সেবা কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। আগুনে ব্যারাকের প্রতিটি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কেউ হতাহত হননি। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
রাতে পুলিশ সদরদপ্তর জানিয়েছে, ‘রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।’ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৬টার কিছু সময় পর বঙ্গবাজার আদর্শ মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো মার্কেটসহ বরিশাল প্লাজায়ও ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ভোর ৬টা ১০ মিনিটে ২২টি ফায়ার স্টেশনের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
দীর্ঘসময় চেষ্টার পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে সংস্থাটির ৬৫০ জন কর্মকর্তা-কর্মচারি কাজ করেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আটজন আহত হয়েছেন, যারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।অন্যদিকে আগুনে পাঁচহাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ এপ্রিল ২০২৩ /এমএম




