Menu

শুক্রবার, শনিবার ও রোববার খোলা থাকবে ব্যাংক

বাংলানিউজসিএ ডেস্ক :: ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন অর্থাৎ শুক্র শনি ও রোববার (৯, ১০, ১১ তারিখ) কুরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে সাপ্তাহিক ও সাধারণ ছুটি মিলিয়ে আজ শুক্রবার থেকেই মূলত ঈদের ছুটি শুরু হয়েছে।

বুধবার (৭ আগস্ট) একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, এই দিনগুলোতে ব্যাংক শাখাগুলো সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোয় ব্যাংকের সব শাখাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ছুটির তিন দিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কুরবানির পশুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে। এ কারণে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

ঈদুল আজহার আগের সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন অর্থাৎ শুক্র শনি ও রোববার(৯, ১০, ১১ আগস্ট) দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দিতে হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।

বাংলানিউজসিএ/ঢাকা / ০৯ আগস্ট ২০১৯/ এমএম


Array