প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলতি নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের একমাস মেয়াদি পূর্বাভাসে এসব জানানো হয়েছে।এর আগে ১ নভেম্বর আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
কমিটির চেয়ারম্যান বলেন, ‘এ মাসে (নভেম্বর) বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’বঙ্গোপসাগরের নতুন করে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘ম্যান্দোস। এ নামটি সংযুক্ত আরব আমিরাতের দেওয়া।নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে জানিয়ে কমিটির চেয়ারম্যান বলেন, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে বলেন, ‘চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ৭ থেকে ১০ নভেম্বরের ভেতর একটি লঘুচাপ সৃষ্টি হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। ১১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে এটি।
দীর্ঘমেয়াদি বার্তায় চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও জানানো হয়।এছাড়া দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।নদ-নদীর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, নভেম্বর মাসে দেশের প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরও জানিয়েছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ নভেম্বর ২০২২ /এমএম





