প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে। তবে নয় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহ প্রসঙ্গে তিনি জানান, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুমিল্লা ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় এটা প্রশমিত হতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।আবহাওয়া অফিস জানায়, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এ সময় দেশে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তাড়াশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া পূর্বাভাসে সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ সেপ্টেম্বর ২০২২ /এমএম





