Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ স্প্যানিশ লা-লিগায় রবিবার রাতে নিজেদের মাঠে রায়ো ভায়োকানোর বিপক্ষে জিততে পারেনি জায়ান্ট ক্লাব বার্সেলোনা। আলভারো গর্সিয়া রিভেরার করা গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে সফরকারীরা। ন্যু ক্যাম্পে এটা বার্সার টানা তৃতীয় হার। ১২৩ বছরের ক্লাব ইতিহাসে নিজেদের মাঠে এবারই প্রথম টানা তিন ম্যাচে হারল ক্লাবটি।

প্রথমে উয়েফা ইউরোপা লিগে তারা এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে হার মানে ঘরের মাঠে। এরপর লা লিগায় গেল সোমবার হার মানে কাদিজের কাছে। আর রোববার হার মানলো রায়ো ভায়োকানোর বিপক্ষে।এর আগে ১৯৯৮ সালে তারা ঘরের মাঠে টানা তিন ম্যাচ হেরেছিল। তবে সেটা দুই মৌসুম মিলিয়ে। এবার এক মৌসুমেই হারের লজ্জার রেকর্ড গড়লো।

শুধু তাই নয়, ভায়োকানো এ নিয়ে দুই লেগই জিতলো বার্সার বিপক্ষে। গেল বছরের অক্টোবরে ঘরের মাঠে তারা কাতালানদের হারিয়েছিল ১-০ গোলে।রবিবার রাতে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় রায়ো ভায়োকানো। ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়ে গোল করেন আলভারো গার্সিয়া। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের সামনে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

গোল খাওয়ার পর প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করে বার্সা। গোল করতে আক্রমণ করলেও শটগুলো থাকছিল না লক্ষ্যে। এরপর শুধু প্রথমার্ধেই নয়, দ্বিতীয়ার্ধের পুরো সময়ে নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয় সফরকারীরা। আর তাতেই ১-০ গোলের জয় পেয়ে যায় ভায়োকানো।

এই হারের ফলে ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরেই অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে অবস্থান রায়ো ভায়োকানোর। আর ৩৩ ম্যাচে সর্বোচ্চ ৭৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই রয়েছে শিরোপার দ্বারপ্রান্তে অবস্থান করা রিয়াল মাদ্রিদ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ এপ্রিল ২০২২ /এমএম


Array