প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শিরোনাম দেখে চমকে উঠবেন না। কারণ ইনি বলিউড সুপারস্টার শাহরুখ খান নন, তামিলনাড়ুর অলরাউন্ডার ক্রিকেটার। মাঠের হিরো এই শাহরুখ খানকে এবারও কিনে নিয়েছে অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। তার জন্য অবশ্য গুণতে হয়েছে ৯ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ১০ কোটি ৩৫ লাখ টাকার সমান।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ক্রিকেটার শাহরুখ খানের ভিত্তিমূল্য ছিল ৪০ লাখ রুপি। নিলামের প্রথম দিনে তাকে নিয়ে টানাটানি শুরু করে ফ্রাঞ্জাইজি দলগুলো। অবশেষে ৯ কোটি রুপিতে শাহরুখকে দলে ভেড়ায় প্রীতির পাঞ্জাব কিংস।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলের গত আসরেও প্রীতির পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমেছিলেন শাহরুখ খান। তাকে ৫.২৫ কোটি রুপিতে কিনেছিলেন অভিনেত্রী। গতবার মাঠের শাহরুখ এবং বলিউড মেগাস্টার শাহরুখ খানকে জড়িয়ে বেশ হাস্যরস হয়েছিল সোশ্যাল দুনিয়ায়।
যদিও মাঠে নেমে ব্যাটে-বলে দারুণ পারমরমেন্স করে সেই হাস্যরসের কড়া জবাব দিয়েছিলেন ২২ গজের শাহরুখ খান। ফলে এবার তার দিকে নজর ছিল প্রতিটি দলেরই। কিন্তু তাকে হাতছাড়া করার ভুলটি করলেন না প্রীতি। তাই এবার প্রায় ডাবল মূল্যে শাহরুখকে দলে রেখে দিলেন বলিউড অভিনেত্রী।
২৬ বছর বয়সী ক্রিকেটার শাহরুখ খানের জন্ম চেন্নাইতে। তিনি ডান হাতে ব্যাট করেন। পাশাপাশি চমৎকার অফ স্পিনে ব্রেক থ্রু আনতেও তার জুড়ি নেই। গতবারের আইপিএলে ব্যাট হাতে বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেন তিনি। বলেও দেখিয়েছিলেন চমক। এবার কী করেন, তার জন্য অপেক্ষা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





