প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের আট বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে।পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ জানুয়ারি ২০২২ /এমএম





