প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ২০২১ সালে বাংলাদেশে সার্স কোভ-২ বা কোভিড-১৯ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছেন পৌনে ১১ লাখ মানুষ। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে প্রায় ২৬ হাজার জনের। কোভিড আক্রান্ত দেশের তালিকায় বর্তমানে বাংলাদেশের অবস্থান ৩২তম স্থানে।২০২১ সালের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি পর্যালচনা করে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২১ সালের প্রথম দিনে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন ৯৯০ জন। ওই দিন মারা যান ১৭ জন। এরপর ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা কমতে থাকে। কমে আসে মৃত্যুর সংখ্যাও। এরপর বছরের মাঝামাঝি এসে জুন-জুলাই মাসে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে প্রাণঘাতি ভাইরাসটি। বাড়তে থাকে শনাক্ত ও প্রাণহানির ঘটনা। এর মধ্যে গত ৫ আগস্ট রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয় করোনায়। এরপর ১০ আগস্টও ২৬৪ জনের মৃত্যু হয়। সেদিন ১১ হাজার ১৬৪ জনের করোন শনাক্ত হয়, যাতে শনাক্তের হার হয় ২৩.৫৪ শতাংশ। এর আগে, গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, সেদিন শনাক্তের হার ছিল একদিনে রেকর্ড ৩০.৩২ শতাংশ।
তবে স্বস্তির বিষয় হলো, বছরের অষ্টম মাসে নভেম্বরে এসে সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ হয় নিম্নমুখী। এসময় দৈনিক শনাক্ত নেমে আসে দুইশোর নিচে। শনাক্তের হারও নামে দুইয়ের নিচে। এমনকি ২০ নভেম্বর ও ৯ ডিসেম্বর সারাদেশে করোনায় কারো মৃত্যু হয়নি। তবে বিশ্বে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়ানোর পর ডিসেম্বরের শেষ দিকে এসে একটু একটু করে বাড়ছে কোভিড-১৯ এর প্রকোপ।
৩১ ডিসেম্বর মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ৫১২ জন। একদিন আগে বৃহস্পতিবার শনাক্ত হয়েছিলেন ৫০৯ জন, যা ছিল গত ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।এর আগে গত ১৩ অক্টোবর পাঁচ শতাধিক মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। সেদিন করোনা শনাক্ত হয়েছিল ৫১১ জনের শরীরে। এরপর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচেই ছিল।
বছরের পুরো পরিসংখ্যান বলছে, ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭১ হাজার ৩৯ জন। এই বছরে কোভিডে প্রাণ গেছে ২৬ হাজা ৪৯৬ জনের।স্বস্তির খবরও উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে। আক্রান্ত ১০ লাখ ৭১ হাজার ৩৯ জনের বিপরীতে সুস্থ হয়েছেন ১০ লাখ ৯০ হাজার ৪৪৫ জন। সুস্থদের মধ্যে ২০২০ সালের পুরনো রোগিও রয়েছে।বছরের শুরু দিন বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল ২৭তম। আর বছর শেষের দিন এই অবস্থান দাঁড়িয়েছে ৩২ জনে।
এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পরে কোভিড-১৯ ভাইরাস। যা অল্প সময়ের মধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে পরে। কোভিড-১৯ বাংলাদেশে শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। তারপর থেকে ক্রমান্বয়ে সংক্রমণের সংখ্যা বাড়তে থাকে। একই হারে পাল্লা দিয়ে বাড়ে মৃত্যুর সংখ্যা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩১ ডিসেম্বর ২০২১ /এমএম





