প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউড মেগাস্টার সালমান খানের হিট ছবির তালিকার একেবারে উপরের দিকে আছে কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’-এর নাম। ২০১৫ সালের এই ছবি সারা বিশ্বব্যাপী ৯০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। পবন, মুন্নি, রসিকা, চাঁদ নবাবের চরিত্রগুলো এখনও যেন জীবন্ত সকলের মনে।
সালমান ভক্তদের জন্য খুশির খবর হলো, ছয় বছর পর সেই ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন তাদের প্রিয় নায়ক। সম্প্রতি মুম্বাইতে ‘ট্রিপল আর’ ছবির প্রি-রিলিজ প্রোগ্রামে হাজির হয়ে এই ঘোষণা দেন সালমান। সিক্যুয়েলটি লিখবেন ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এসএস রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ।
এদিনের অনুষ্ঠানে টিম ‘ট্রিপল আর’কে সমর্থন জানাতে হাজির ছিলেন সালমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক করণ জোহর, পরিচালক এসএস রাজামৌলি এবং তিন অভিনয়শিল্পী জুনিয়র এনটিআর, রামচরণ ও আলিয়া ভাট। সেখানেই করণ জোহর সালমানকে প্রশ্ন করেন ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নিয়ে। তাতে ভাইজানের জবাব, ‘হ্যাঁ সিক্যুয়েল আসছে।
সংবাদমাধ্যমকেও সালমান জানান, ‘রাজামৌলি আর তার বাবা বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। উনি ‘বজরঙ্গি ভাইজান’ লিখেছেন। এবার পরবর্তী পার্টও লিখতে চলেছেন।’ আগামী বছরের শুরুতেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানান সালমান। এও জানান, ‘টাইগার থ্রি’ মুক্তির পরই ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল মুক্তি পাবে।
কবির খানের পরিচালনায় এ ছবির প্রথম ভাগটিতে কেন্দ্রীয় চরিত্র পবনের ভূমিকায় দেখা গিয়েছিল সালমানকে। তার প্রেমিকা রশিকার চরিত্রে ছিলেন কারিনা কাপুর। সবচেয়ে আলোচিত মুন্নি চরিত্রে হার্ষালি মালহোত্রা। নওয়াজউদ্দিন সিদ্দিকী ছিলেন চাঁদ নবাবের ভূমিকায়। তবে দ্বিতীয় পার্টে সালমান ছাড়া আর কাকে কাকে দেখা যাবে তা নিয়ে কোনো মন্তব্য করেননি ভাইজান।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ ডিসেম্বর ২০২১ /এমএম





