প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মাদক মামলায় ২৭ দিন জেলে কাটিয়ে সপ্তাহ দুয়েক আগে জামিন পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ছেলেকে নিয়ে দুশ্চিন্তা এখনও কাটেনি কিং খানের। তার সুরক্ষায় ইতোমধ্যে দেহরক্ষী নিয়োগের পরিকল্পনা করেছেন বাদশা।
তবে খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, অচেনা কোনো ব্যক্তির সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন না আরিয়ান খান। তাই ছেলের নিরাপত্তার খাতিরে আরও এক ধাপ এগিয়ে গেলেন বাবা শাহরুখ খান। চেনা মানুষের হাতেই তুলে দিচ্ছেন ছেলের সুরক্ষার ভার।
কামব্যাক সিনেমা ‘পাঠান’-এর শুটিংয়ে খুব শিগগির স্পেন যাবেন শাহরুখ খান। বিদেশ যাওয়ার আগে নিজের বিশ্বস্ত দেহরক্ষী রবি সিংকেই রেখে যাবেন আরিয়ানের কাছে। নিজের জন্য নিয়োগ করবেন নতুন দেহরক্ষী।
জামিন পেলেও প্রতি শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অফিসে গিয়ে হাজিরা দিতে হচ্ছে আরিয়ানকে। মাদক-কাণ্ডে নতুন তদন্ত দল গঠন হওয়ায় তাকে ঘনঘন ডাকা হতে পারে বলে মনে করছেন শাহরুখ। তাই মুম্বাই ছাড়ার আগে ছেলেকে বিশ্বস্ত লোকের সুরক্ষায়ই রেখে যাচ্ছেন।
বহু বছর ধরে শাহরুখ খানের ছায়াসঙ্গী তার দেহরক্ষী রবি সিং। এ কাজের জন্য তিনি মাসিক ২৫ লাখ টাকা বেতন পান। বলিউডে যে সব নিরাপত্তারক্ষীর বেতন সবচেয়ে বেশি, রবি তাদের অন্যতম। শাহরুখের পরে এবার তার ছেলেকে সুরক্ষিত রাখার গুরুদায়িত্বও উঠল রবির কাঁধে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ নভেম্বর ২০২১ /এমএম





