প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সোমবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজত থেকে মুক্তি পাননি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকতে হবে তাকে। সে খবর প্রকাশ্যে আসতেই শাহরুখের কাছে তারকাদের ফোনের বন্যা। দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখার্জী, রোহিত শেঠি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়ারা ফোন করে কথা বলেছেন কিং খানের সঙ্গে।
কয়েক জন আবার আরিয়ানের গ্রেপ্তারের খবর প্রকাশের পর টুইটারে শাহরুখের প্রতি সহানুভূতি জানিয়েছেন। অভিনেত্রী পূজা ভাট লিখেছেন, ‘আমি আপনার সঙ্গে আছি। জানি, এ কথাটিতে বিশেষ কোনো লাভ আপনার হবে না। কিন্তু মনে হল, তাই বললাম। এই কঠিন সময় আপনি পেরিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস।’ সুনীল শেঠি টুইট করেছেন, ‘তদন্ত তো শুরু হয়ে গেছে। এবার ছোট ছেলেটিকে একটু নিঃশ্বাস নিতে দিন।’
রবিবার রাতে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পরেই সালমান খান বন্ধু শাহরুখ খানের বাড়িতে ছুটে গিয়েছিলেন। এরপর সোমবার সন্ধ্যায় সালমানের দুই ভাই এবং প্রযোজক অলভিরা খান ‘মান্নাত’-এ শাহরুখের বাড়িতে গিয়েছিলেন।
এদিকে, কিং খানের জনসংযোগ কর্মীরা বলিউড তারকাদের অনুরোধ করেছেন, তারা যেন ‘মান্নাত’-এ ভিড় না জমান। কারণ হিসেবে জানানো হয়েছে, বাড়ির বাইরে সাংবাদিক এবং চিত্রগ্রাহকরা ডেরা বেঁধেছেন। তারকারা বাড়িতে ঢুকলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে।
ভারতীয় মিডিয়া সূত্রে খবর, বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির শিল্পীরা নীরবে শাহরুখ এবং আরিয়ানকে সমর্থন করছেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন। তারকাদের চিন্তা, যে কোনো সময়ে তাদের ছেলে-মেয়েদের উপরেও এই ‘আক্রমণ’ নেমে আসতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ অক্টোবর ২০২১ /এমএম





