Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ মহাব্যস্ত পরীর ডায়রিতে আরও এক সিনেমাজীবনটাকে ধীরে ধীরে নতুন করে গুছিয়ে নিচ্ছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। জেল থেকে ছাড়া পাওয়ার পর একের পর এক সিনেমায় অভিনয়ের ডাক পাচ্ছেন। রাশিদ পলাশের ‘প্রীতিলতা’, গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’-এর পর পরীমনির ডায়রিতে ঠাঁয় পেল আরও একটি নতুন সিনেমা। নাম ‘মা’।

এই সিনেমাটি পরিচালনা করবেন নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার। সেখানে মুখ্য ভূমিকায় অর্থাৎ মায়ের চরিত্রে দেখা যাবে পরীমনিকে। ইতোমধ্যে গত ২৯ সেপ্টেম্বর তিনি চুক্তি পত্রে স্বাক্ষরও করেছেন। এটি হবে পরিচালক অরণ্য আনোয়ারের সঙ্গে পরীর প্রথম কাজ। এই পরিচালকের তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার সিনেমা নির্মাণ করতে চলেছেন তিনি।

১৯৭১ সালের পটভূমিকায় সাত মাসের এক মৃত সন্তানকে নিয়ে তার মায়ের অসহায়ত্বের গল্প উঠে আসবে ‘মা’ সিনেমাতে। এর গল্প সম্পর্কে পরীমনি জানিয়েছেন, অনেক ছোট বয়সে মাকে হারিয়েছেন। এবার তিনি মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন। সিনেমার গল্পটি তার ভীষণ পছন্দ হয়েছে। আশা করছেন, চরিত্র অনুযায়ী নিজেকে ভাঙতে পারবেন।

পরিচালক আনোয়ারের বক্তব্য, ‘গল্পটি নিয়ে বন্ধু পুলককান্তি বড়ুয়ার সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেছি। শুরু থেকেই মায়ের চরিত্রটি নিয়ে আলাদা আগ্রহ ছিল। সেই অনুযায়ী অভিনেত্রী বাছা হচ্ছিল। তখনই পরীমনির নাম মাথায় আসে। ওকে গল্পটি শোনাই। ভয় ছিল পরী রাজি হবেন কি না। কিন্তু ও যেভাবে আগ্রহ দেখাল তাতে আমি আপ্লুত।’

তবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমনি প্রচণ্ড ব্যস্ত। তাই এ বছর নতুন কোনো সিনেমার কাজ তিনি করতে পারবেন না। পরিচালক জানিয়েছেন, নতুন বছরের জানুয়ারি থেকে ‘মা’ সিনেমার কাজ শুরু হবে। তবে বাকি অভিনয়শিল্পীদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। পরিচালনার পাশাপাশি বন্ধু পুলককান্তি বড়ুয়ার সঙ্গে এ সিনেমার প্রযোজনাও করবেন অরণ্য আনোয়ার।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ অক্টোবর  ২০২১ /এমএম


Array