প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আর মাত্র দুই মাসের অপেক্ষা। এর পরই নতুন পরিচয় পাবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখ। মা হতে চলেছেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন শখের বাবা শামীম কবির। তিনি জানান, মাস দুয়েক পরই শখের কোলজুড়ে সন্তান আসছে।
গত বছর লকডাউনের মধ্যে গোপনে দ্বিতীয় বিয়েটা সেরে ফেলেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী। তার স্বামীর নাম রহমান জন। পেশায় ব্যবসায়ী। ২০২০ সালের ১২ মে তাদের বিয়ে হয়। রহমান জনদের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি গ্রামে। সন্তানসম্ভবা শখ বর্তমানে সেখানেই রয়েছেন।
বিয়ের আগে বহুদিন ধরে ব্যবসায়ী রহমান জনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন শখ। এমনই গুঞ্জন রয়েছে মিডিয়াপাড়ায়। অবশেষে গত বছর সেই প্রেমে পূর্ণতা পায়। যদিও সম্পর্কের ব্যাপারে কখনো মুখ খোলেননি অভিনেত্রী।এদিকে, দ্বিতীয় বিয়ের পর থেকেই অভিনয়ে একেবারেই অনিয়মিত শখ। সোশ্যাল মিডিয়ায়ও দেখা মেলে না এ অভিনেত্রীর। এ ব্যাপারে তার বাবা শামীম কবির জানান, ‘শখ এই মুহূর্তে অভিনয় ছেড়েই দিয়েছে।’
এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেন শখ। তার আগে এ জুটি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু তাদের প্রেমের তরী ঠিকঠাক চললেও সংসারের তরী ডুবে যায় মাত্র দুই বছরে। ২০১৭ সালের শুরুতে তারা ডিভোর্সের ঘোষণা দেন।
শখের মতো নতুন সংসার পেতেছেন নিলয় আলমগীরও। তার দ্বিতীয় স্ত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। বাসা ঢাকার মগবাজারে। গ্রামের বাড়ি ভোলা। কয়েক মাস সম্পর্কে থাকার পর গত ৭ জুলাই নিলয় তাকে বিয়ে করেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ সেপ্টেম্বর ২০২১ /এমএম





