প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অভিনয়ের পাশাপাশি বরাবরই সমাজসেবামূলক কাজ করতে দেখা যায় হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস সংস্থার হয়ে বিশ্বব্যাপী কাজ করেন তিনি।সেই সূত্রেই সারা বিশ্ব থেকে অনেক উদ্বাস্তু মানুষের চিঠি পান অ্যাঞ্জেলিনা জোলি। সেই সব চিঠি সারা বিশ্বের সামনে তুলে ধরতেই এবার ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল খুললেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম খুলেই প্রথম পোস্টে তুলে ধরলেন এক আফগান তরুণীর চিঠি। তালেবানরা আফগানিস্তান দখল করার আগে কেমন ছিল সেখানকার নারীদের জীবন তাই উঠে এসেছে ওই চিঠিতে।আফগান তরুণী চিঠিতে অভিযোগের সুরে লিখেছেন, তালেবানরা তাদের দেশ দখল করার পর তারা আর স্কুলে যেতে পারে না। সমস্ত স্বাধীনতা হারিয়ে তারা এখন গৃহবন্দী।
অ্যাঞ্জেলিনার ভয়, আস্তে আস্তে হয়তো আফগানিস্তানের মানুষ আর সোশ্যাল মিডিয়ায় নিজেদের কথা বলতে পারবে না। সে জন্য তিনি নিজেই উদ্যোগ নিয়েছেন, যাতে আফগান মেয়েরা যারা নিজেদের অধিকারের জন্য লড়ছে, তাদের কথা তার মাধ্যমে সারা বিশ্ব জানতে পারে।
এদিন অ্যাঞ্জেলিনা জোলি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন সবে দুদিন হলো। এর মধ্যেই অভিনেত্রীর ফলোয়ার সংখ্যা কোটির ঘর ছাড়িয়ে গেছে। এখন থেকে নিয়মিত আপডেট অভিনেত্রীর এই অ্যাকাউন্টে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ আগস্ট ২০২১ /এমএম





