Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ টানা ১৯ দিন বিধিনিষেধের পর সবকিছু খুলে দিয়েছে সরকার। বুধবার রাস্তায় চলতে শুরু করেছে গণপরিবহন। কিন্তু সরকারের বেধে দেওয়া নিয়ম মানছে না কেউ। অন্যদিকে অর্ধেক সংখ্যক গণপরিবহন চলায় দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।

শিথিলতার পরে সরকার বলেছিল গণপরিবহন চলবে অর্ধেক। তবে সব আসনেই যাত্রী বসতে পারবে। কিন্তু রাস্তায় চলবে অর্ধেক যানবাহন। দাঁড় করিয়ে কোনো যাত্রী নেওয়া যাবে না। সেইসঙ্গে গাড়ির স্টাফসহ সবযাত্রীকে অবশ্যই মাস্ক পরে যানবাহনে উঠতে হবে। কিন্তু রাস্তায় দেখা গেছে ভিন্ন চিত্র।

বুধবার বেলা ১১টার দিকে বাসাবো বিশ্বরোড দিয়ে যাচ্ছেলো লাব্বাইক পরিবহনের একটি বাস। কিন্তু বাসটিতে আসনের অতিরিক্ত যাত্রী দাঁড়িয়ে নিতে দেখা গেছে। শুধু লাব্বাইক পরিবহনের বাস নয়, তুরাগ, রায়দা, ছালছাবিল, আবাবিল এবং অনাবিল পরিবহনের বাসেও একই চিত্র দেখা গেছে।আবার যানবাহন কম থাকায় রাস্তায় জনসাধারণকে ভোগান্তিতেও পড়তে হয়েছে। অনেক দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাসে চড়তে পারছেন না।

মো. রাশেদুল ইসলাম রায়হান যাবেন বাসাবো থেকে উত্তরা হাউজ বিল্ডিং। তিনি প্রায় আধাঘণ্টা দাঁড়িয়ে থেকেও একটা বাসে চড়তে পারেননি। তাই অনেকটা বাধ্য হয়ে ৩০০ টাকা দিয়ে রাইড শেয়ার সার্ভিস নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। তিনি অনেকটা আক্ষেপ করে বলেন, এটা কেমন নিয়ম? রাস্তায় অর্ধেক বাস চলবে আর অর্ধেক চলবে না! ঢাকায় মানুষের তুলানায় যানবাহন এমনিতেই পর্যাপ্ত নয়। তারপর যদি সরকার অর্ধেক যানবাহন চলার অনুমতি দেয় তাহলে কীভাবে চলবে?

খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে থেকে যাত্রাবাড়ীতে যাওয়ার জন্য তুরাগ বাসের অপেক্ষায় ছিলেন আবদুল আলি নামের এক ষাটোর্দ্ধ বৃদ্ধ। কিন্তু তিনি প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও গাড়িতে চড়তে পারেননি। তাই অনেকটা বাধ্য হয়ে ১২০ টাকা ভাড়ায় রিকশা নিয়ে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে রওনা হন।

এছাড়াও গণপরিবহনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীনতা দেখা গেছে। অনেক যাত্রী নাক-মুখ খোলা রেখে মাস্ক পরেছেন। আবার অনেকেই পড়েননি। কোনো গণপরিবহনে স্যানটাইজার ব্যবহার করতে দেখা যায়নি।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মঈনুল হাসান ঢাকাটাইমসকে বলেন, সরকারের পরিপত্র অনুযায়ী সবাই মেনে চলবেন। সেটাই নিয়ম; কিন্তু কেউ এর বত্যয় ঘটালে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও আমরা চালক ও হেলপারদের সচেতনতা বৃদ্ধির কাজও করছি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ আগস্ট ২০২১ /এমএম


Array