প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মহামারি করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। গত এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২১৪ জন।শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২১১ জন এবং অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন তিনজন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে চার হাজার ১১৫ জনের শরীরে। এর মধ্যে জুলাইয়ে শনাক্ত হয় দুই হাজার ২৮৬ জন। এসব রোগীর মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন তিন হাজার ৯৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ১০ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে চিকিৎসাধীন ৯৭২ ডেঙ্গু রোগী।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ১০ জনের মৃত্যু হয়েছে।দেশের ইতিহাসে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই বছর প্রথমবারের মতো ডেঙ্গু বিস্তৃত হয় ৬৪ জেলায়। সেসময় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ায় এবং এই রোগে আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যদিও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতাল ও চিকিৎসকদের কাছ থেকে আড়াইশর বেশি মানুষের এই রোগে মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ আগস্ট ২০২১ /এমএম





