Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে সারা দিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উত্তর ছত্রিশগড় ও উড়িষ্যায় অবস্থান করছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের প্রভাবে রোববারও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে।’

এই আবহাওয়াবিদ আরো বলেন, ‘আগামী মঙ্গলবার নাগাদ আরেকটি লঘুচাপের সম্ভাবনা আমরা দেখছি। যার প্রভাব সরাসরি আমাদের দেশের ওপর পড়তে পারে। ফলে সপ্তাহের শেষ নাগাদ সারা দেশেই বৃষ্টিপাত বাড়বে।’এদিকে চলমান লঘুচাপের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময়ে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।লঘুচাপের প্রভাবে গতকাল দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ জুলাই ২০২১ /এমএম

 

 


Array