Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরো ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৪ জনের মৃত্যু হলো।এ ছাড়া একদিনে নতুন করে ১১ হাজার ৩২৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে।এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ জন ৩৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনের মধ্যে ৫৩ জনই ঢাকার। এছাড়া খুলনায় ৭৯, চট্টগ্রামে ২৬, রাজশাহীতে ২৩, বরিশালে ৫, সিলেটে ৬, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৯৩ জন নারী। এদের মধ্যে ১৬ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৬ হাজার ৪ জনের মধ্যে পুরুষ ১১ হাজার ২৫৪ জন এবং নারী ৪ হাজার ৭৫০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯০ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫৬, ৪১ থেকে ৫০ বছরের ৪০, ৩১ থেকে ৪০ বছরের ১৭, ২১ থেকে ৩০ বছরের ৭ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) ১৯৯ জনের মৃত্যু হয়। বুধবার (৭ জুলাই) প্রথম মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। সোমবার (৫ জুলাই) ১৬৪ এবং মঙ্গলবার (৬ জুলাই) ১৬৩ জন মারা যান। এছাড়া জুলাইয়ের ১ তারিখ থেকে প্রতিদিন ১৩০ জনের বেশি মানুষ করোনায় মারা যান।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯  জুলাই ২০২১ /এমএম

 


Array